হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় ফেসবুকে নারীর নামে ভুয়া আইডি ব্যবহার করে প্রেমের সম্পর্ক স্থাপন এবং ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ খ্রি. হবিগঞ্জ সদর থানাধীন এক ব্যক্তি (মোঃ আরিফুল হক(ছদ্মনাম) অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, “Sumaiya Akter Mim” নামের একটি ফেইক ফেসবুক আইডি থেকে মেয়ে সেজে এক যুবক কৌশলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ছবি, স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন ধাপে মোট ১,৭১,৯০০/- টাকা আদায় করে নেয়।
অভিযোগ পাওয়ার পর দ্রুত সাইবার ক্রাইম মনিটরিং সেলের তথ্যপ্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা। অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. বুধবার কুমিল্লা জেলার হোমনা থানা পুলিশের সহযোগিতায় হোমনা থানাধীন ০২ নং ওয়ার্ডের নিলখী ইউনিয়ন এলাকা থেকে প্রতারক মোঃ মেহেদী হাসান জীবনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন নারীর নামে ফেইক ফেসবুক একাউন্ট ব্যবহার করে এ ধরনের প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় “সাইবার সিকিউরিটি অধ্যাদেশ–২০২৫” অনুযায়ী হবিগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পুলিশ এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।